
নিউজ ডেস্কঃ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার চোরাবালিতে ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ রবিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন,সরকার গণবিচ্ছন্ন হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে,গ্রেপ্তার করছে। তারা এক চোরাবালির মধ্যে ডুবে আছে। যত নাড়াচড়া করবে,ততই তারা ডুববে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। এই সরকারের তাদের পতন ঘটবেই।
নজরুল বলেন,আমার বুঝতে কষ্ট হয়,রাজনৈতিক দলটি ক্ষমতায় গিয়ে নিজের ইতিহাস ভুলে যায় কী করে? ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল,শুধু মাত্র আমেনা বেগম ছাড়া। তাই বলে কী তাদের (আওয়ামী লীগ) ওই সময় রোধ করা গেছে,রুখতে পারেনি;পাকিস্তান সরকার টিকে থাকতে পারেনি। তিনি বলেন,আজকে আওয়ামী লীগ সরকার পাকিস্তানিদের মতো বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে টিকে থাকতে পারবে না- এটাই বাস্তবতা।
এ সময় নেত্রীর নির্দেশে আন্দোলনের ময়দানে সকলকে ঝাঁপিয়ে পড়ার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হতে বলেন নজরুল ইসলাম খান। একইসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,মহানগর দক্ষিনের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তিনি।