
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে পিতা ও পুত্রের মমার্ন্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীহাটের জামিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার তুষভান্ডার ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টটু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন(৮)।
এলাকাবাসী জানায়,বাড়ির পাশে একটি পুকুরে ছেলে নীরব গোসল করতে নামে। কিছুক্ষণ পরে বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে পানিতে ডুবে যাচ্ছে ছেলে নীরব। এ সময় ছেলেকে বাচাঁতে পুকুরে নামলে দু’জনই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবীব তাদের মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।