
নিউজ ডেস্কঃ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ১০ বিশিষ্ট ব্যক্তি। অবিলম্বে ন্যায়বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্য প্রতিস্থাপনের জন্য সরকার ও সুপ্রিম কোর্টের কাছে জোর দাবি জানান তারা। বিবৃতি দেওয়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন- সাংবাদিক ও কবি আব্দুল গাফ্ফার চৌধুরী,প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান,কথা সাহিত্যিক হাসান আজিজুল হক,ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন,সৈয়দ হাসান ইমাম,রামেন্দু মজুমদার,পান্না কায়সার,মামুনুর রশীদ, মফিদুল হক এবং নাসির উদ্দীন ইউসুফ।
বিবৃতিতে তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ থেকে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণে আমরা ক্ষুব্ধ এবং প্রগতি বিরোধী এহেন হীনকর্মে গভীর ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি। এই অপসারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের গঠিত সরকার কার্যত ধর্মান্ধ মৌলবাদী অপশক্তির কাছে নতি স্বীকার করেছে। আমরা ভুলে যাইনি যে,এই সামপ্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের গৌরবের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ ধ্বংসের উদ্দেশ্যে ব্যর্থ আক্রমণ করেছিল। এরাই ‘দুরন্ত শিশু’ ভাস্কর্য রাতের আঁধারে নিশ্চিহ্ন করেছিল। এরাই বর্তমানে মুক্তিযুদ্ধের অসামপ্রদায়িক বাংলাদেশকে একটি ধর্মান্ধ মৌলবাদী রাষ্ট্র হিসাবে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত।