
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টে ঢোকার পথে লিলি ফোয়ারায় হাতে দাঁড়িপাল্লা ধরে রাখা ভাস্কর্যটি এত দিন সবার নজর কাড়ত। গতকাল শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সেটি অপসারণ করা হয়েছে। আগের রাতে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের গেটগুলো বন্ধ করে। সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের পশ্চিম পাশে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ওই ভাস্কর্য। এর শেষ অবস্থান কোথায় হবে সে বিষয়ে গতকাল সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের দাবির মুখে ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকেই উত্তাল হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ভাস্কর্য সরানোর কাজ চলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে রাত ৪টা পর্যন্ত। ওই সময় সুপ্রিম কোর্টের ফটকের সামনে বিক্ষোভ করে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া জলকামান থেকে ছোড়া হয় গরম পানি। পুলিশি হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন। ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটকও করে পুলিশ। ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে দেশের সব জেলায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ পালন করা হচ্ছে আজ শনিবার। সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গতকাল ঢাকার বাইরেও চট্টগ্রাম,বরিশাল,গাইবান্ধা,রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে
গণজাগরণ মঞ্চ ও উদীচীর মশাল মিছিল :ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চ গতকাল সন্ধ্যায় মশাল মিছিল বের করে। মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে মশাল মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে আবার শাহবাগে গিয়ে প্রজন্ম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন,ভাস্কর্য নিয়ে সরকার নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে। ভাস্কর্য সরানোর এবং পুলিশি হামলার প্রতিবাদে প্রায় একই সময়ে মশাল মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর নেতারা আটক প্রতিবাদকারীদের মুক্তিও দাবি করেন।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ : ভাস্কর্য সরানো ও পুলিশি হামলার প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে সিপিবি-বাসদ,বাংলাদেশ মহিলা পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন। সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করবে। ভাস্কর্য পুনঃস্থাপন দাবির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে আজ দেশের প্রতিটি জেলায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রতিবাদী চিত্রাঙ্কন পাঠ্যক্রম সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে এবং প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসে চারু ও কারুকলা,নৃত্য,নাট্য,সংগীত তথা সব সুকুমার বিষয় বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদও জানানো হয় সমাবেশে। পাশাপাশি চারুশিল্পীরা প্রতিবাদী চিত্রাঙ্কনও করেন।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ওই সমাবেশে অংশ নেন কয়েক শ চারুশিল্পী। স্লোগানে স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী মনিরুজ্জামান বলেন,সারা দেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে। সংগঠনের সহসাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী বলেন, ভাস্কর্যশিল্পের ওপর আঘাত এসেছে,আমরা মনে করি,এটা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। সমাবেশে উপস্থিত ছিলেন হাশেম খান,শিশির ভট্টাচার্য,আবুল বারক আলভী,আবদুল মান্নান,তরুণ ঘোষ,শেখ আফজাল প্রমুখ।
দেশ কি হেফাজতের প্রেসক্রিপশনে চলবে’আমাদের চট্টগ্রাম অফিস জানায়,সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর এবং ঢাকার বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল বিকেলে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করেছে।
আন্দরকিল্লা মোড় থেকে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,ক্ষমতায় থাকার জন্য,ভোটের জন্য সাম্প্রদায়িক ধর্মান্ধ অপশক্তি হেফাজতে ইসলামের সঙ্গে আপস করছে সরকার। একের পর এক তাদের দাবি মেনে নিয়ে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা প্রশ্ন করেন,এই দেশ কি হেফাজতের প্রেসক্রিপশনে চলবে?