
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় আব্দুল মজিদ মুন্সী (৭২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। হামলায় বাধা দেওয়ায় হাবিবুর মিয়া নামের এক মুসল্লিকেও কুপিয়ে জখম করে সে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটির মসজিদের ভেতর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,মাঝিপাড়া এলাকারই মৃত সাফর উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম এ হামলা চালিয়েছে। তার হাতে ধারালো দা থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। হামলা চালিয়ে সে পালিয়ে গেছে। এলাকাবাসী জানায়,বছর দশেক আগে জহিরুল ইসলাম নিজের স্ত্রীকেও কুপিয়ে হত্যা করেছিল।
নিহত আব্দুল মজিদ মুন্সীর আদি বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা সদর এলাকায়। তাঁর বাবার নাম মৃত মোসলেম বেপারী। তবে ২০ থেকে ২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়া এলাকায় এসে বসবাস করছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মাটির মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান,এশার নামাজ আদায় অবস্থায় ইমাম আব্দুল মজিদ মুন্সীকে ধারালো দা দিয়ে কোপাতে শুরু করে জহিরুল। ওই সময় বাধা দিতে গেলে হাবিবুর মিয়া নামের এক মুসল্লিকেও কুপিয়ে গুরুতর জখম করে সে। ঘটনার পরপরই ইমাম ও ওই মুসল্লিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মুন্সী মারা যান। তাঁর গলায়,পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন,হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে।