
নিউজ ডেস্কঃ ভোলায় যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জেলা যুবদলের নেতা কবির হোসেন ও জামাল উদ্দিন লিটন পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল মঙ্গলবার রাতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদল নেতা লিয়াকত হোসেনসহ ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আজ বুধবারও শহরে উত্তেজনা দেখা দেয়। দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কমিটি গঠন নিয়ে ভোলা জেলা যুবদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। দলের এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ ও কবির হোসেন। অপর পক্ষে নেতৃত্ব দেন জামাল উদ্দিন লিটন ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আবদুল কাদের সেলিম। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে জেলা বিএনপি অফিস চত্বরে নিজেদের মধ্যে আলোচনা চলার সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উভয় পক্ষকে শান্ত করেন।
রাতে দুই পক্ষ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করলে দুপুরের ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদল নেতা লিয়াকত হোসেনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত যুবদলকর্মী লিটন পক্ষের লিয়াকত হোসেনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কায়েদ পক্ষের নেতা তরিকুল ইসলাম কায়েদ বলেন,দুপুরের ঘটনার জের ধরেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন,রাতে জেলা যুবদল নেতা কবির হোসেন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করলে লিটন পক্ষের সমর্থকরা অতর্কিতে কবিরের ওপর হামলা চালায়। এ ঘটনা থেকেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান।
অপর পক্ষের নেতা জামাল উদ্দিন লিটন বলেন,চরসামাইয়া ইউনিয়ন কমিটিতে ত্যাগী কর্মীদের বাদ দিয়ে জেলা যুবদলের অবৈধ সদস্য সচিব কবির হোসেন ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে সবুজ নামের এক যুবদলকর্মীকে সভাপতি নির্বাচিত করার চেষ্টা চালান। এ নিয়ে দুপুরে জেলা যুবদলের কথিত সদস্য সচিব কবির হোসেনের সঙ্গে চরসামাইয়ার ত্যাগী নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। রাতে আমরা দলীয় অফিসে গেলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা কবির গ্রুপ আমাদের ওপর হামলা চালায়। এ সময় যুবদল নেতা লিয়াকত হোসেনসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে কেন্দ্রীয় যুবদলের সদস্য আবদুল কাদের সেলিম বলেন,বর্তমান কমিটি কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদনহীন হওয়ায় এ কমিটি অবৈধ। এ কমিটিতে কেন্দ্রীয় যুবদলের কোনো অনুমেদন নেই। এ অবৈধ কমিটি যতদিন থাকবে ততদিন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে। এ নিয়ে আজ বুধবারও শহরে উত্তেজনা দেখা দেয়। দুপুরেও জেলা বিএনপি ও যুবদল কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন,এ ঘটনায় গতরাতে ঘটনাস্থল থেকে মাসুম,ইব্রাহিম ও রাসেল নামে তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে ভোলার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।