
নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর পাঁচ ডাকাতের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার (০৯ নভেম্বর) এক শ্রমিক সমাবেশে মহিউদ্দিন বলেন, পাঁচজন জন লুটেরা-ডাকাতের হাতে জিম্মি হয়ে পড়েছেচট্টগ্রাম বন্দর। এরা চট্টগ্রাম বন্দরকে মাফিয়া চক্রের ঘাঁটিতে পরিণত করেছে। তারা বন্দরের শ্রমিক কর্মচারিদের শোষণ করছে। শ্রমিক-কর্মচারিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
‘চট্টগ্রাম বন্দরে লুটেরা-ডাকাতদের অনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ’ বলেন মহিউদ্দিন।
তিনি বলেন, শ্রমিকরা ভিক্ষুক নন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে আন্দোলন সংগ্রামে যেতে বাধ্য হব।
‘আমরা বন্দর অচল করে দিতে চাই না। বন্দরকে সচল রাখার জন্য যা কিছু করা দরকার তা অবশ্যই করা হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। ’ বলেন মহিউদ্দিন।
মহিউদ্দিন বলেন, অধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি মহল তাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই মহলকে আমরা চিনি। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের মাথা গোজার ঠাঁই নেই। অথচ বন্দরের শত শত একর ভূমি বেদখল হয়ে গেছে।
বন্দরের সম্পদ লালদিয়ার চর তিন মাফিয়ার হাতে তুলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন সুজন।
চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি গেইট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রমিক নেতা ইসকান্দর মিয়া, মীর নওশাদ, হাজী মো. নাছির, মনোয়ার আলী, মো.সোহেল, মো.নাছির।