
নিউজ ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাংচুর ও হিন্দু বসতি এলাকায় সাম্প্রদায়িক সহিংস হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে সভাপতিত্ব করেন ড. নিমচন্দ্র ভৌমিক।
সমাবেশে পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় সংখ্যালঘু জনগণ নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুর, গোপালগঞ্জের রঘুনাথপুর, বরিশালের বানাড়ীপাড়া, মাগুরার মহম্মদপুর ও সুনামগঞ্জের ছাতকে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এহেন ঘটনায় কালীবিগ্রহ ভাংচুর করা হয়েছে বলে জানান।
ব্রাহ্মাণবাড়ীয়ার নাসিরনগরে জগন্নাথ মন্দির, লোকনাথ মন্দির, কাশীপাড়া কালীমন্দির, বিশ^কর্মা মন্দির, শিবমন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরের বিগ্রহ ভাংচুর ও লুটপাট হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, কাশীপাড়া, নমসূদ্রপাড়া, দত্তপাড়া, হরিরবের, মহাকালপাড়াসহ বিভিন্ন হিন্দু বসতি এলাকায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হয়েছে। এ সময় গৌরমন্দিরের প্রভু গোপাল দাস ব্রম্মচারীকে গুরুতর আহত করা হয়েছে বলেও তারা জানান। বক্তারা বলেন, বৃহস্পতিবার গভীর রাতে আবারও ৭-৮টি পরিবারের ঘর-বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে সংখ্যালঘু পরিবারগুলো ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যেদিয়ে জীবনযাপন করছে। নেতৃবৃন্দ এ থেকে পরিত্রাণের জন্য সরকারের সহায়তা কামনা করেন। সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, সুভাষ সিংহ রায়, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অশোক বড়–য়া, খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও, ঐক্য পরিষদের উত্তর ও দক্ষিণের সভাপতি রূপচাঁদ বিশ্বাস ও চিত্তরঞ্জন দাস, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়, জে এল ভৌমিক, কিশোর রঞ্জন মন্ডল, জয়ন্ত্রী রায়, প্রিয়া সাহা, ব্রজ গোপাল দেবনাথ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, কাজল দেবনাথ, প্রমুখ।