News71.com
 Bangladesh
 04 Nov 16, 12:35 PM
 344           
 0
 04 Nov 16, 12:35 PM

প্রবাসী আয়ে মন্দা কাটছে না ।। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন

প্রবাসী আয়ে মন্দা কাটছে না ।। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন

নিউজ  ডেস্ক  :   মন্দা কাটছে না প্রবাসী আয়ে। প্রতি মাসেই কমছে রেমিট্যান্স প্রবাহ। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত টানা চার মাসে প্রবাসী আয় গত বছরের একই সময়ের চেয়ে কমেছে ১৫ শতাংশ। এমনকি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে প্রায় ৪ শতাংশ কমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের অক্টোবরের হিসাবে প্রবাসীরা ১০১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গেল অর্থবছরের একই মাসের চেয়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ৭ দশমিক ৯৬ শতাংশ কম।

অন্যদিকে চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৪২৫ কোটি ৫৭ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৭৬ কোটি ৬৩ লাখ ডলার কম। শতাংশের হিসাবে যার হার ১৫ শতাংশ। গেল অর্থবছরের জুলাই-অক্টোবর এই চার মাসে প্রবাসী আয় এসেছিল ৫০৩ কোটি ২০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় কমার কারণ হিসেবে জনশক্তি রফতানিতে ভাটা, অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাস ও মধ্যপ্রাচ্যজুড়ে চলা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাই কারণ হিসেবে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৭৯ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৯৮ লাখ। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১২ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৯ লাখ ডলার।

তবে একক ব্যাংক হিসেবে অক্টোবরেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে ২৪ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৩ লাখ ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৫ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ, ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৮ লাখ, পূবালী ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৪৭ লাখ ও উত্তরা ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৪১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন