
নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ সরকার প্রণীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বল্প কার্বন নির্গমনকারী শিল্পায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের শিল্প কারখানায় কাঁচামালের অপচয় হ্রাস, বর্জ্য পুর্নব্যবহার এবং পুর্নব্যবহারের জন্য প্রক্রিয়াকরণের কৌশল বা থ্রিআর বাস্তবায়নে বহুমুখী কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিল্পমন্ত্রী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থ্রিআর কৌশল বাস্তবায়ন উপযোগী অবকাঠামো ও দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ দেন।
অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ‘দশ বছর মেয়াদি থ্রিআর সম্পর্কিত হ্যানয় ঘোষণার আলোকে বিভিন্ন দেশে গৃহিত উদ্যোগ বাস্তবায়ন ও বিশেষ অর্জন’ শীর্ষক কান্ট্রি প্রতিবেদন পর্যালোচনা অধিবেশনে সভাপতিত্বকালে এ কথা বলেন। সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম উপলক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার এডেলেইড কনভেনশন সেন্টারে এ অধিবেশনের আয়োজন করা হয়। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনহুই লি’র সঞ্চালনায় এ অধিবেশনে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কিরিবাতি, কিরগিস্তান, সামুয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিরা পৃথকভাবে নিজ নিজ দেশের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় বাংলাদেশের ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক এ এইচ মোঃ মাকসুদ সিনহা আলোচনায় অংশ নেন। শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়ন ও উন্নয়নের সাথে পরিবেশ দূষণের বিষয়টি জড়িত। দেশে শিল্পায়নের ধারা যতই জোরদার হবে, পরিবেশ দূষণের ঝুঁকিও তত বাড়বে। এ বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় থ্রিআর কৌশল প্রণয়ন করেছে। তিনি বলেন, এর আলোকে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহায়তায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে পরীক্ষামূলকভাবে থ্রিআর কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ মোকাবেলায় বর্জ্য ব্যবহার করে বায়ো-গ্যাস ও জৈব সার উৎপাদন, পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং শিল্প গড়ে তোলা হচ্ছে।