
নিউজ ডেস্ক: অবৈধভাবে সড়কের জমি দখলের অভিযোগে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের বাড়ির একাংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার বিকালে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও মো: সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ডিএনসিসির কর্মকর্তারা জানান, বনানীর ২৭ নম্বর সড়কের ১১০ নম্বর প্লটে মোনায়েম খানের বাড়ির অবৈধ অংশের কারণে সড়কটির এয়ারপোর্ট রোডের সংযোগস্থলে এসে প্রায় ২০ ফুট চাপা হয়ে পড়ে। এর ফলে সেখানে প্রায়ই যানজট লেগে থাকতো। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মেয়র আনিসুল হকের নির্দেশে সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। এজন্য গত তিন দিন ধরে রাজউক ও ডিএনসিসির যৌথ উদ্যোগে সার্ভে করা হয়। যৌথ সার্ভের নেতৃত্ব দেন রাজউকের সদস্য (উন্নয়ন), অতিরিক্ত সচিব আব্দুর রহমান। পরিমাপ করে দেখা যায় জায়গাটি পুরোটাই বনানী ২৭ নম্বর সড়কসংলগ্ন সবুজ বেষ্টনীতে অবস্থিত, যার মালিকানা ডিএনসিসির যা কেবল রাস্তা, ফুটপাত, গাড়ি পার্কিং এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করা যাবে।
সূত্র জানায়, মোনায়েম খানের দখলে ছিল প্রায় ১০ কাঠা জমি। এর আয়তন ছিল লম্বায় ২০২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। এখানে ‘বাগ-এ- মোনেয়েম’ নামে একতলা ভবন তৈরি করে মোনায়েম খানের উত্তরসূরীরা ভোগদখল করে আসছিলেন। উচ্ছেদ কার্যক্রমের শেষ পর্যায়ে মেয়র আনিসুল হক সরেজমিনে পরিদর্শনে এসে সংবাদিকদের বলেন, ৫০ বছর ধরে জায়গাটি অবৈধ দখলে ছিল। কিন্তু সরকারি কোনো সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষার্থে এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল এমএম সাবের সুলতান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুত্) লে. কর্নেল মোঃ আজাদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোঃ শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (টিইসি) আরিফুর রহমানসহ ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের বাজিতপুরের মোনায়েম খান ছিলেন মুসলিম লীগের বড় নেতা। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পেয়ে বাংলার মানুষের স্বাধিকার আন্দোলন দমনে আইয়ুব খানের হাতিয়ার ছিলেন মোনায়েম খান।