News71.com
 Bangladesh
 03 Nov 16, 10:33 PM
 295           
 0
 03 Nov 16, 10:33 PM

রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নিউজ ডেস্ক: রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বকচর পোস্টের সীমান্ত পিলার ৩৪/১-এস সংলগ্ন ভারতের আটরশিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় এই বৈঠক হয়।১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠানের নেতৃত্বে এতে অংশ নেন বিজিবির-১১ সদস্যের প্রতিনিধি দল। বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ডার স্বরণ দেব।

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের ওই বৈঠকে অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ, সীমান্ত হত্যা-নির্যাতন বন্ধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হয়।
এসময় সীমান্তে গুলিবর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বিত টহলসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।

সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাতে উভয়পক্ষ সম্মত হয়। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে উদ্ভূত যে কোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনো সময় ব্যাটালিয়ন, কোম্পানি অথবা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে ঐক্যমতে পৌঁছায় দুই পক্ষ। রাত সাড়ে ৮টার দিকে ১-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন