
নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীর কালশীতে মানিক (৪৫) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক আকিল বানটিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার ভোরে পল্লবীর কালশী মোড়ে বৈশাখী হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা মানিককে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়।
পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। পরে মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানিকের বাবার নাম কিতাব আলী। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।