News71.com
 Bangladesh
 03 Nov 16, 05:44 PM
 299           
 0
 03 Nov 16, 05:44 PM

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি : খালেদার পক্ষে জেরা অব্যাহত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি : খালেদার পক্ষে জেরা অব্যাহত

নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে জেরা অব্যাহত রেখেছেন আইনজীবীরা।

আজ (বৃহস্পতিবার) ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে তাকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক। তাকে সহযোগিতা করেন জিয়া উদ্দিন জিয়া ও এম হেলাল উদ্দিন।

তবে জেরা শেষ না হওয়ায় মামলার পরবর্তী শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন-মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

অপরদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন