News71.com
 Bangladesh
 03 Nov 16, 02:10 PM
 276           
 0
 03 Nov 16, 02:10 PM

শিক্ষক লাঞ্ছনার তদন্ত সম্পন্নে সময় চাইবেন সিএমএম

শিক্ষক লাঞ্ছনার তদন্ত সম্পন্নে সময় চাইবেন সিএমএম

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এখনো শেষ হয়নি। এ জন্য হাইকোর্টে সময় বৃদ্ধির আবেদন করা হবে। সাংবাদিকদের আজ (বৃহস্পতিবার) এমনই তথ্য দিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

তিনি আরো জানান, শিগগিরই তদন্ত কাজ সম্পন্ন করা হবে।

এর আগে গত ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিএমএমকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় সময় চাওয়া হবে।

এর আগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় জিডির ভিত্তিতে পুলিশের করা তদন্ত প্রতিবেদনে নাকোচ করে দিয়েছিল উচ্চ আদালত। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এই ঘটনার বিচার বিভাগীর তদন্তের নির্দেশ দেন।

এ সংক্রান্ত আদেশ পাওয়ার পরই ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমান গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) প্রচারিত ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করেন।

বিভিন্ন মিডিয়া হাউজে চিঠি দিয়ে ঐ ঘটনার ফুটেজ ও রিপোর্ট সংগ্রহ করা হয়। এরপর গত মাসে দুই দফায় নারায়ণগঞ্জের সার্কিট হাউজে গিয়ে শিক্ষক শ্যামল কান্তি, নির্যাতনের শিকার স্কুলছাত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শীসহ মোট ১৭ জনের জবানবন্দি গ্রহণ করেন তিনি।

তবে এই ঘটনায় এমপি সেলিম ওসমান বিচার বিভাগীয় তদন্ত কমিটির সামনে এখন পর্যন্ত কোনো জবানবন্দি দেননি। ঢাকার সিএমএম বর্তমানে জবানবন্দি পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুত করছেন বলে সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন