News71.com
 Bangladesh
 03 Nov 16, 02:05 PM
 307           
 0
 03 Nov 16, 02:05 PM

উৎসবমুখর পরিবেশে রির্টান জমা দিচ্ছেন করদাতারা

উৎসবমুখর পরিবেশে রির্টান জমা দিচ্ছেন করদাতারা

নিউজ ডেস্ক:  রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৬। মেলার তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল উৎসাহ ও করদাতাদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে আয়কর মেলা। প্রতিটি বুথের সামনেই দেখা যাচ্ছে মানুষের ভিড়। তবে সবচেয়ে বেশি ভিড় এবারে প্রথমবারের মতো চালু হওয়া অনলাইনে আয়কর রিটার্ন বা ই-ফাইল বুথে। 

মেলা ঘুরে দেখা গেছে, উৎসাহ উদ্দীপনায় কর দিচ্ছেন সাধারণ মানুষ। আয়কর মেলার তথ্য ও সেবাকেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশন কেন্দ্র, রিটার্ন গ্রহণের জন্য করাঞ্চলের বুথ ও ই-পেমেন্টের মাধ্যমে রিটার্ন দাখিলে ব্যাংকের বুথসহ সব জায়গাতেই করদাতারা সেবা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছেন। ভিড় দেখা গেছে, রিটার্ন পূরণ ও ই-টিআইএন নিবন্ধনের জন্য নির্দিষ্ট বুথগুলোতেও।

মেলায় ই-টিআইএন পুন:নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে আসা বেসরকারি চাকরিজীবী আহসান হাবিব জানান, মেলায় কোনো হয়রানি ছাড়া খুব সহজেই রিটার্ন দাখিল করা যাচ্ছে। আর ই-টিআইএন পুন:নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, বাহিরে পুন:নিবন্ধন করতে ১০০ টাকা লাগে। মেলায় তা ফ্রি করে দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে সহজেই ই-ফাইল খুললাম। ভিড়ের কারণে একটু সময় লাগলেও বেশ ভালই লাগছে।

আয়কর মেলার আহ্বায়ক ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে করদাতারা উৎসবমুখর পরিবেশে রির্টান জমা দিচ্ছেন। পাশাপাশি করদাতা মেলায় না এসে যেকোনো জায়গা থেকে অনলাইনে তাদের আয়কর রির্টান জমা দিচ্ছেন। এছাড়া মেলা থেকে আয়করের বিভিন্ন বিষয়ে তথ্য নিচ্ছেন উপস্থিত করদাতারা।

কর প্রদানের প্রতি ব্যক্তিশ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।

উল্লেখ্য, ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে  রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে ১ নভেম্বর শুরু হওয়া এ আয়কর মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাস প্রদান করা হয়েছে। করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন মেলায়। আর করদাতাদের সহায়তা করার জন্য সহায়তা কেন্দ্র আছে। একই ছাদের নিচে মিলছে সব সেবা। করদাতার শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। এ ছাড়া এবারই প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন জমা বা ই-ফাইলিং করার সুযোগ রয়েছে। আয়কর মেলায় এবারে মোট বুথের সংখ্যা ১০৯টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন