
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে বিলাল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মাচাইন বাজার এলাকার রাস্তা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহত বিলাল শিবালয় উপজেলার কাকরোল গ্রামের হেলাল মোলার ছেলে। তিনি মাচাইন বাজারের টেইলার্স ব্যবসায়ী। আটককৃতরা হলেন-আরিফ, দুলাল ও চিত্ত।
নাম প্রকাশ না শর্তে বিলালের এক প্রতিবেশী জানান, একই এলাকার এখলাস মাতব্বরের ছেলে সুমন মিয়া (২০) নিহত বিলালের স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। ঐ স্কুলছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সুমন। কিন্তু এতে ঐ মেয়ে ও পরিবার রাজি না হওয়ায় সুমন ঐ স্কুলছাত্রী এবং তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেন। ঐ সূত্র ধরে খুনের ঘটনা ঘটতে পারে।
হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মাচাইন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন বিলাল। বিলালের পরিবারের সদস্য ও স্থানীয়রা হত্যাকান্ডের সঙ্গে সুমনের জড়িত থাকার অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে সুমন পরিবারসহ পলাতক রয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ, দুলাল ও চিত্ত নামে তিনজনকে আটক করেছে পুলিশ।