
নিউজ ডেস্ক: সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার মধুবনের নষ্ট কেক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের জাবিদ এবং একই বিভাগের প্রথম বর্ষের রনি। বর্তমানে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাবিদের জন্মদিন উপলক্ষে মধুবন থেকে এক পাউন্ডের একটি কেক কিনে আনে তার বন্ধুরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জন্মদিন পালন করার সময় কেক খেয়ে ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কেকের গায়ে কোনো ধরনের মেয়াদ উল্লেখ ছিল না বলে জানান শিক্ষার্থীরা। মধুবনের ওই শাখার ম্যানেজার কল্যাণ দুঃখ প্রকাশ করে জানান, কেকের গায়ে কোনো তারিখ রাখার ব্যবস্থা না থাকায় ভুলক্রমে নষ্ট কেকটি চলে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, খাবারের নিম্নমানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।