
নিউজ ডেস্ক : ডিজিটাল যুগে অনলাইনে আয়কর প্রদানে বিড়ম্বনার শিকার হচ্ছেন করদাতারা। মঙ্গলবার শুরু হওয়া আয়কর মেলায় অনলাইনে কর দেওয়া যাবে বলে জানানো হয়েছিল। তবে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া সাত দিনব্যাপী আয়কর মেলায় ঘুরে দেখা যায়, অনলাইনে কর দিতে পারছেন না অনেকেই। গ্রহকদেরকে বলা হচ্ছে অনলাইনে কর জমা দিতে হলে ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ নির্ধারিত সার্কেল অফিস থেকে আনতে হবে। নতুবা অনলাইনে কর দেয়া সম্ভব না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, এই প্রথম রাজধানীর ‘কর অঞ্চল-৪’ ও টাঙ্গাইল কর অঞ্চলের করদাতারা অনলাইনে কর দিতে পারবেন।
এ প্রসঙ্গে আবদুল নাসের নামের এক করদাতা জানান, ভাবছিলাম মেলায় সব সুবিধা পাওয়া যবে। কিন্ত পাসওয়ার্ড নেওয়ার জন্য যদি সার্কেল অফিসে যেতে হয়, তাহলে ‘ঘরে বসে অনলাইনে আয়কর প্রদান’ এ কথার মানে কি? তিনি আরো বলেন, এখন ম্যানুয়াল পদ্ধতিতে কর দিবো। কোনো ভাবেই সার্কেল অফিস থেকে আইডি ও পাসওয়ার্ড আনা সম্ভব না। এ প্রসঙ্গে অনলাইনে কর প্রদান সংক্রান্ত বুথের কর্মকর্তারা জানান, অনলাইন প্রক্রিয়া শবে মাত্র শুরু হয়েছে। এজন্য মেলায় এ সংক্রান্ত শতভাগ সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে শুরু যে হয়েছে সেটায় ইতিবাচক।
এদিকে অনলাইনে কর প্রদানের বিষয়ে যথেষ্ট সচেতনতা নেই করদাতাদের মধ্যে। এ সংক্রান্ত কোনো আগ্রহও লক্ষ্য করা যায়নি। এনবিআর কতৃপক্ষ এ বিষয়ে যে প্রচারণা চালাচ্ছে তাও পর্যপ্ত নয়।
বেশ কয়েকজন করদাতার সঙ্গে কথা বলে জানা যায়, অনলাইনে কর প্রদানের সিস্টেম সম্পের্কে তারা কিছুই জানেন না। বুথে এ সংক্রান্ত তথ্য জানতে গেলে তারা বেশি কিছু না বলে একটি বই ধরিয়ে দিচ্ছেন। কিন্তু এ বইয়ের মাধ্যমে সবকিছু জানা সম্ভব নয় বলেও জানান তারা।
অন্যদিকে আগামী ২৪ নভেম্বর থেকে দেশের বড় বড় কোম্পানিগুলো অনলাইনে কর প্রদান করতে পারবে। মেলায় এ বিষয়ে বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এজন্য খোলা হয়েছে আলাদা বুথ। ওই বুথে থাকা কর্মকর্তা মো. ওহিদুজ্জামান বলেন, অনলাইনে ভ্যাট আগামী জুলাইয়ের মধ্যে সবার জন্য উন্মুক্ত করা হবে। এর আগে ২৪ ডিসেম্বর থেকে দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট প্রদানের সুবিধা পাবে। উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে ১ নভেম্বর শুরু আয়কর মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।