
নিউজ ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ে তোলার গতি ত্বরান্বিত করতে সকলকে, বিশেষ করে ব্যবসায়ি সম্প্রদায়কে যথাযথভাবে নিয়মিত কর প্রদানের আহবান জানিয়েছেন। মন্ত্রী নতুন করদাতা সৃষ্টি এবং ঝামেলামুক্ত কর দান নিশ্চিত করার মাধ্যমে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পরামর্শ দেন, যাতে জনগণ সকল ধরনের কর ও ভ্যাট প্রদানে অনুপ্রাণিত হয়।
মঙ্গলবার বন্দরনগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আয়কর মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, ‘করের আওতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ২৬ লাখ করদাতার সংখ্যা ১ কোটিতে উন্নীত করার লক্ষ্যে সরকার কর মেলা, জরিপ ও করদাতাদের জন্য পুরস্কারসহ বিভিন্ন অনুপ্রেরণা মূলক প্রচারনা চালু করেছে। ’ভবিষ্যতে দেশে করদাতার সংখ্যা বাড়বে-এ আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ধরনের মেলা কর দান ও রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে বিদ্যমান ভীতি দূর করতে সহায়ক হবে।তিনি বলেন, ‘আমরা যদি বিদেশী ঋনের উপর নির্ভরশীলতা এবং উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সহায়তা কমাতে চাই, তাহলে অভ্যন্তরীণ খাত থেকে সম্পদ সংগ্রহের কোন বিকল্প নাই।’
চট্টগ্রাম জোনের চারটি কর কমিশনারের কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘আয়কর মেলা-২০১৬’ এর আহবায়ক এবং কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিহা মুসা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান প্রমুখ। এবারের মেলায় ২টি ব্যাংক- সোনালী ও জনতা ব্যাংক লিমিটেডসহ মোট ৩০টি স্টল রয়েছে।
আয়কর কর্মকর্তারা ১৮টি স্টলে আগত দর্শক, করদাতাদেরকে ই-টিন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন, রিটার্ন, আয়কর গণনা প্রভৃতি কাজে সহায়তা করছেন। এছাড়াও মেলায় ব্যাংকের বুথে আয়কর জমা দেওয়ার সুযোগ রয়েছে।