
নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ ডিসেম্বর এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্যব করা হয়েছে।
আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত এবং রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।
গত ২৯ সেপ্টেম্বর এই দুই জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আজ ১ নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৮ মে আসামীদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২৭ জন ও জব্দ তালিকার ২জনসহ মোট ২৯ জন সাক্ষি রয়েছেন।