
নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগকে ২০টি কম্পিউটার দিয়েছে। আজ ব্যবস্থাপনা বিভাগের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার হস্তান্তর করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাসের কাছে কম্পিউটারগুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. গোলাম মওলা, অধ্যাপক আলী আহসান, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন ও সিএসআর বিভাগের প্রধান এএইচ এম লতিফ উদ্দিন চৌধুরী প্রমুখ।
আবদুল মান্নান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সব জাতীয় অর্জনের সুতিকাগার। দেশের ব্যাংকিং খাতসহ সব সেক্টরে মানসম্মত ও দক্ষ মানবসম্পদ সরবরাহে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রকৃত সম্পদভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের টেকসই অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে কাজ করছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিএসআর কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক দুস্থ, অসহায় ও আর্তমানবতার সেবায় নিয়োজিত।
অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষাখাতে বিনিয়োগের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।
অধ্যাপক আলী আক্কাস বলেন, ইসলামী ব্যাংক ও ব্যবস্থাপনা বিভাগ একে অপরের সহযোগী।
ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি শিক্ষা কারিকুলামে ইসলামী ব্যাংকিং বিষয়ে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন