News71.com
 Bangladesh
 01 Nov 16, 06:46 PM
 351           
 0
 01 Nov 16, 06:46 PM

বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে ভারত

বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে ভারত

 

নিউজ ডেস্ক : এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে এর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ ও রাশিয়ার সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের সহযোগিতা করতে চায় দেশটি। গত সেপ্টেম্বর মাসে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের একটি খসড়া বাংলাদেশকে দিয়েছে ভারত। বাংলাদেশও বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে খসড়াটি পর্যালোচনা করছে। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য ভারত-রাশিয়া-বাংলাদেশ সহযোগিতা সমঝোতা স্মারক’ শিরোনামের খসড়াটি চূড়ান্ত করতে আগামী ৬ নভেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

কোন কোন ক্ষেত্রে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক কার্যকর হবে তা উল্লেখ করে খসড়ার ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র নিরাপদভাবে পরিচালনা এবং নিরাপত্তার ক্ষেত্রসহ কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পরামর্শক সেবা, কারিগরি সহায়তা, সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এতে আরো বলা হয়েছে, পক্ষগুলো রেডিওঅ্যাকটিভ বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনসহ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালন, নিয়ন্ত্রণ, মেরামত, রক্ষণাবেক্ষণ ও প্রত্যাহারের ক্ষেত্রে পরামর্শক, কারিগরি ও সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্রটি পরিচালন ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা বিনিময় করবে তারা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন ও কেন্দ্র পরিচালনায় আইনিভাবে কারিগরি সহায়তা বিনিময় করবে পক্ষগুলো। এ ছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উপকরণ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ সরবরাহ করাসহ তিন পক্ষ লিখিতভাবে একমত হয়ে অন্য যেকোনো বিষয়ে সহযোগিতা করতে পারবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে ভারত ও রাশিয়ার সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করার প্রক্রিয়া চলছে। আগামী ৬ নভেম্বর এ বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। তিনি বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে আমরা ভারতের কাছ থেকেও সহযোগিতা নেব, রাশিয়ার কাছ থেকেও সহযোগিতা নেব। কোন দেশের কাছ থেকে কিভাবে কতটুকু সহায়তা নেওয়া হবে, সে বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কম্পানি, বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শৌকত আকবর বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যে দেশে তা স্থাপন করা হয়, তার পার্শ্ববর্তী দেশও স্টেকহোল্ডার (অংশীজন) হয়। সে বিবেচনায় ভারত বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অংশীজন। ভারত অনেক আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। এ ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। যেসব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম, সেসব ক্ষেত্রে আমরা ভারতের সাহায্য নিতে পারব। এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সফলভাবে বাস্তবায়নে আমরা ভারতের কাছে কোনো পরামর্শ চাইলে তারা আমাদের সে বিষয়ে পরামর্শ দেবে।’

রাশিয়াকে সঙ্গে নিয়ে ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব শৌকত আকবর বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে রাশিয়া। তাদের কারিগরি সহায়তায় এটি স্থাপন করা হবে। প্রকল্পটি শতভাগ বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশ সরকারকে ঋণ দেবে। প্রকল্প নির্মাণ, পরিচালন ও উৎপাদিত বিদ্যুতের ক্রেতা—সব কিছু চূড়ান্ত করে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। সে ক্ষেত্রে ভারতের কাছ থেকে পরামর্শ বা কোনো সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে রাশিয়া যাতে কোনো আপত্তি না করে, সে জন্যই বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি না করে রাশিয়াকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করবে। এটি কোনো চুক্তি নয়। আর এতে রাশিয়ার আপত্তি করারও কিছু নেই।

সমঝোতা স্মারকের খসড়ায় বলা হয়েছে, ২ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়ে তিন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সক্ষমতা বাড়াতে কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করবে। এ ক্ষেত্রে পক্ষগুলো পরামর্শক সেবা ও কারিগরি সহায়তার ক্ষেত্রও প্রস্তুত করবে। দেশগুলো বিশেষজ্ঞ, বিজ্ঞানী, প্রকৌশলী ও শিক্ষাবিদদের সফর বিনিময় করবে। বিদ্যুৎকেন্দ্রের চাহিদা মোতাবেক অনুমোদিত কর্তৃপক্ষ বিশেষজ্ঞ মোতায়েনের বিষয়ে মনোনয়ন দেবে। পক্ষগুলো পারমাণবিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ও এর ব্যবহারের তথ্য বিনিময় করবে। দেশগুলোর জাতীয় পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করাসহ তিন দেশের সম্মতিতে অন্য যেকোনো ধরনের সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা হবে।

খসড়ার ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এমওইউর আওতায় বাংলাদেশের অনুরোধ ও প্রয়োজন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প-ইউনিট ১ ও ২ সফলভাবে বাস্তবায়ন করতে সব পক্ষ যৌথভাবে সহযোগিতা করবে। এই এমওইউর কোনো কিছুই তিন দেশের অভ্যন্তরীণ আইন ও নীতি এবং আন্তর্জাতিক কোনো চুক্তি, কনভেনশনসহ দ্বিপক্ষীয় কোনো চুক্তি বা আইএইএর (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি) সঙ্গে পক্ষগুলোর সেফগার্ড চুক্তিকে প্রভাবিত করবে না।

খসড়ার ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই সমঝোতা ১৫ বছরের জন্য বলবৎ থাকবে। তবে এই মেয়াদকালের মধ্যেও ছয় মাসের আগাম নোটিশ দিয়ে যেকোনো পক্ষ তা বাতিল করতে পারবে। আর মেয়াদ শেষে সমঝোতা স্মারকটি নবায়ন করা হবে কি না সে বিষয়ে এটি কার্যকর হওয়ার ১৪ বছরের মাথায় অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে থেকে তিন পক্ষ পরস্পরের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সই করা চুক্তি ভারতের সঙ্গে এই এমওইউ স্বাক্ষরে কোনো বাধা সৃষ্টি করবে না। এ প্রসঙ্গে খসড়ায় বলা হয়েছে, টেকসই, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা, আর্থিকভাবে লাভবান হওয়ার মধ্য দিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনটি দেশই আইএইএর সদস্য। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপনাসহ বেসামরিক উন্নয়নে পারমাণবিক শক্তি ব্যবস্থাপনায় ভারতের তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে রাশিয়ার ডিজাইন করা রিঅ্যাক্টর পরিচালনার ক্ষেত্রেও ভারতের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। সুগঠিত আইনগত কাঠামো, উন্নত পারমাণবিক ম্যানুফ্যাকচারিং খাত এবং বিপুল দক্ষ জনশক্তির ওপর ভর করে ভারত পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক অগ্রসর হয়েছে। ২০১১ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশের অভ্যন্তরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ চলছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি প্রস্তাবে বাংলাদেশ ও ভারত একমত হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরে ভারত বাংলাদেশিদের বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া তৃতীয় কোনো দেশে রাশিয়ার ডিজাইন করা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারত-রাশিয়া ২০১৪ সালের ১১ ডিসেম্বর কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা আছে, যার আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ভারতের সহযোগিতা করার সুযোগ রয়েছে। তাই রাশিয়া ও ভারতের অভিজ্ঞতার সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দ্রুত উন্নয়ন সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১১ সালে রাশিয়ার সঙ্গে এমওইউ সই হলেও দেশটির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত চুক্তি সই হয়েছে গত বছরের ২৫ ডিসেম্বর। আগামি ২০২৩ সালে এই প্রকল্পটির বিদ্যুৎ উত্পাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন