
নিউজ ডেস্ক : স্ব কর্মে নিয়োজিত যুবকরাই হচ্ছে টেকসই উন্নয়নের মূল ভিত্তি। আজ জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিল্প কলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। বক্তরা বলেন, সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে যুব সম্প্রদায়কে বিশেষ করে বেকার যুবকদের মানব সম্পদের পরিপূরক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে। বেকার যুবকদের উপার্জন ভিত্তিক কর্মে সম্পৃক্ত করে তাদেরকে মাদকাসক্ত ও বিভিন্ন সমাজ বিরোধী কর্মকান্ড থেকে বিরত রাখার উদ্যোগ নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ। যুব অধিদপ্তরের উপ-পরিচালক অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং মূল নিবন্ধ উপস্থাপন করেন শাহ মকদুম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড.তসিকুল ইসলাম রাজা। প্রধান অতিথি বলেন, যথাযথ উদ্যোগের অভাবে অনেক যুবক বিপদগামী হয়ে সমাজের বোঝা হয়ে যাচ্ছে। তাদেরকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি যুবকদের মাদকাশক্তি থেকে মুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার জন্য পুলিশের প্রতি আহবান জানান। এর আগে যুব দিবসের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব কল্যাণ তহবিল থেকে সফল যুবকদের মাঝে অনুদানের চেক এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়।