
নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, “আগের তুলনায় থানার চিত্র পাল্টে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত থানা পরিদর্শনে যাচ্ছেন। আমরা এই মাইন্ড সেটআপ তৈরি করছি যে ‘We are the servant of the people’।” মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আয়োজিত গাড়ীর চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইন-শৃংঙ্খলা রক্ষার্থে সরকারি কাজে ব্যবহারের জন্য পল্টন মডেল থানাকে দুটি পিকআপ ভ্যান হস্তান্তর করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে। অনেকে পঙ্গু হয়ে গেছে। এত কিছুর পরও আমাদের কাজের গতি শ্লথ হয়নি। এর কারণ হচ্ছে আমাদের দেশপ্রেম, দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব। পিকআপ হস্তান্তরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে না পারলে চোর, ডাকাত, ছিনতাইকারী ও টেন্ডারবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পাবে। এসব গাড়ী জনগণের কাজে ব্যবহৃত হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা কমিউনিটি পুলিশিং জোরদার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণার আলোকে ঢাকা শহরের সকল ভাড়াটিয়ার ডাটাবেজ তৈরি করেছি। যেখানে প্রত্যেক ব্যক্তির জন্য একটি ইউনিক আইডি থাকবে। বাসা পরিবর্তন করে তিনি নগরের যে প্রান্তেই যান না কেন তিনি সে আইডি নম্বরেই পরিচিত হবেন। অপরাধী শনাক্তকরণে সাধারণ মানুষ সক্রিয়ভাবে পুলিশকে সহায়তা করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে বাড়ীর মালিকরা জাতীয় পরিচয়পত্র ছাড়া বাসা ভাড়া দিচ্ছেন না। কোন সন্দেহজনক ঘটনার আঁচ পেলেই আমাদের ‘Hello CT’ অ্যাপসটির মাধ্যমে স্বতঃস্ফুর্তভাবে তথ্য দিচ্ছে।
নিরাপত্তাকে বিনিয়োগের অন্যতম প্রধান অনুঘটক উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জনগণের নিরাপত্তা না থাকলে ব্যবসা-বানিজ্য, বিনিয়োগ কিছুই হবে না। গুলশান এলাকার মার্কেট এবং রেস্টুরেন্টগুলোতে কাস্টামারের উপস্থিতি বাড়ছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিএসআর কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আইন-শৃংঙ্খলা রক্ষার্থে এ যানবাহন কাজে লাগলে আমরা স্বার্থক। অনুষ্ঠানে ডিএমপি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।