
নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে সৃজনশীল পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের ২৭৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেন তিনি।
আজ দেশের ২৭৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ লক্ষ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রথম দিন আজ জেএসসি হচ্ছে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। আর জেডিসি কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় বসেছে মাদ্রাসাপড়ুয়া ছাত্রছাত্রীরা।
পরীক্ষার্থীদের মধ্যে ১১ লক্ষ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র এবং ১২ লক্ষ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী। ৮ বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লক্ষ ৩৮ হাজার ৩০৩ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লক্ষ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষা দিচ্ছে।