
নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘায় অস্ত্রসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার আড়ানীর পৌর এলাকার চকরপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেতাররা হলেন, আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম (৫২) ও আড়ানী ইউনিটের সভাপতি বেলাল হোসেন (৪৫)। মনিরুল ইসলামের বাড়ি আড়ানী পূর্বপাড়া এবং বেলাল হোসেনের বাড়ি চকরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে একজনকে জিহাদি বইসহ আটক করা হয়। পরে আলাদা অভিযানে অস্ত্রসহ আরেকজনকে আটক করা হয়। বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, চকরপাড়ার একটি মসজিদে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে আটক হন মনিরুল ইসলাম। তার স্বীকারোক্তির ভিত্তিতে আলাদা অভিযানে গ্রেফতার করা হয় বেলালকে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বৈঠকের জায়গা থেকে কিছু জিহাদি বই-পুস্তকও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।