News71.com
 Bangladesh
 01 Nov 16, 12:08 PM
 358           
 0
 01 Nov 16, 12:08 PM

আগামিকাল ময়মনসিংহের পাগলা থানা ভবনের উদ্বোধন

আগামিকাল ময়মনসিংহের পাগলা থানা ভবনের উদ্বোধন

 

নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার বিকাল ৩টায় নবনির্মিত পাগলা থানা ভবনের উদ্বোধন হবে। ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সম্মানিত অতিথি থাকবেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। দীর্ঘ দুই যুগ গফরগাঁও উপজেলার টাংগাব, দত্তেরবাজার, উস্থি, লংগাইর, পাইথল, পাঁচবাগ, মশাখালী ও নিগুয়ারী ইউনিয়নের মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাগলা থানা স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছিল। ভৌগলিক অবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০২ সালের ১১ নভেম্বর পাগলা থানার অনুমোদন ও উন্নয়নের আদেশ দেয়। ২০০৩ সালের জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণপূর্ত বিভাগে পাগলা থানা ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়। একই বছরের মে মাসে গণপূর্ত বিভাগ ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে পাগলা থানা ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ভবন নির্মাণের জমির ব্যবস্থা করে দিতে না পারায় টেন্ডারটি বাতিল হয়ে যায়। এ অবস্থায় স্থানীয় লুত্ফুননেছা, আনোয়ারুল হক আকন্দ, নজরুল ইসলাম, জালাল উদ্দিন, নূরুল রহমান, শামছুদ্দিন সরকার, শামছুদ্দিন আকন্দ, শামছুল হুদা ও সিরাজ উদ্দিন পাগলা বাজার এলাকায় ৩ একর ১ শতাংশ জমি পুলিশ বিভাগকে দান করেন থানা কমপ্লেক্স নির্মাণের জন্য। জমিটি নীচু হওয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজও করে। এরপর থানা স্থাপনের দাবিতে আন্দোলন আরো জোরদার করে।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০১১ সালের ৩১ মার্চ স্থানীয় সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে গফরগাঁওবাসীর সামনে অচিরেই পাগলা থানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ২০১২ সালের ২৫ এপ্রিল রাষ্ট্রপতির অধ্যাদেশ মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাগলা থানা অনুমোদনের গেজেট প্রকাশ করে। এরপর থেকে ভাড়া বাড়িতেই পাগলা থানার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণপূর্ত বিভাগের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে স্থানীয়দের দেয়া ওই জমিতে চারতলা ভিত্তির উপর দোতলা পাগলা থানা ভবনটি নির্মাণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন