
নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বাংলাদেশের রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক। এই দল জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে রয়েছে এবং সমাজে সাম্য ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য জাসদের জন্ম হয়েছিল এবং এখনও তা একটি ইস্যু হিসেবে রয়েছে। তথ্যমন্ত্রী গতকাল সোমবার জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা নতুন ও গুরুত্বপূর্ণ ইস্যু। এ ছাড়াও সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এখন সময়ের চাহিদা। জাসদ সভাপতি বলেন, তার দল স্বৈরশাসন ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে এবং তা অব্যাহত থাকবে। সভায় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমও বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম তার বক্তব্যে জাসদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
অনুষ্ঠানে জাসদের সিনিয়র নেতৃবৃন্দ ও দলের সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা ধর্মের নামে যারা জঙ্গিবাদে লিপ্ত তাদেরকে পরাস্ত করার জন্য অসাম্প্রদায়িক চেতনার দল ও মানুষের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলে সমৃদ্ধশালী দেশ গড়ার আহ্বান জানান। ইনু বলেন, ‘আমরা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বা পাকিস্তান হিসেবে দেখতে চাই না।’