
নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৫ বাংলাদেশিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। কিন্তু এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় অংশের ইছামতি নদী পার হয়ে আসার পথে বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকদের মধ্যে রয়েছেন দুই জন শিশু, পাঁচ জন নারী ও আটজন পুরুষ। তাদের বাড়ি চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে।
এ বিষয়ে বিজিবি বলেছেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোলের দৌলতপুর থেকে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান পাচারকারীরা। ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আজমত খান বলেছেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে। পরে পুলিশ তাদের যশোর আদালতে সোপর্দ করবে বলেও জানিয়েছেন তিনি।