
নিউজ ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শংকরসেনা গ্রামের সামছুল হক (৩৫) ও কায়স্থ গ্রামের মাসুক মিয়া (৪০)। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, ভোরে একদল লোক ওই এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটতে যায়। এসময় তারা পাহাড়ের নিচের অংশের মাটি কাটলে উপরের অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পাহাড় কাটার ঘটনার সঙ্গে জড়িতদের ২-৩ জন সহযোগী পালিয়ে গেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ।