News71.com
 Bangladesh
 01 Nov 16, 10:59 AM
 412           
 0
 01 Nov 16, 10:59 AM

এখনো সম্পূর্ণ পৃথক হয়নি বিচার বিভাগ, চলছে দ্বৈত শাসন ।। প্রধান বিচারপতি

এখনো সম্পূর্ণ পৃথক হয়নি বিচার বিভাগ, চলছে দ্বৈত শাসন ।। প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক : নয় বছরেও প্রতিষ্ঠা হয়নি স্বাধীন সচিবালয়, কবে হবে কেউ জানে না, বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত নিয়ন্ত্রণ এখনো নির্বাহী বিভাগের হাতে। পৃথককরণের আগে এ দায়িত্ব ছিল সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এখন সেটি নির্বাহী বিভাগের কর্তৃত্বাধীন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মাসদার হোসেনের মামলায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা থাকলেও বিচার বিভাগ পৃথকের ৯ বছরেও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা হয়নি। কবে হবে এখন কেউ জানে না তা। স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা না হওয়ায় এবং সংবিধানের দুটি অনুচ্ছেদে ভিন্নতার কারণে মাঝে মধ্যে বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতি নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। এই জটিলতাকে খোদ প্রধান বিচারপতি এসকে সিনহা দ্বৈত শাসন হিসেবে অভিহিত করেছেন।


বিচার বিভাগের এই দ্বৈত শাসনের ফলে দেশের বহু জেলায় সময়মতো বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দায়িত্ব কার এ নিয়েও বিভ্রান্তি রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি জানিয়েছেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি আইন মন্ত্রণালয়ের কর্মপরিধির বাইরে। কিন্তু আইন বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য আইন মন্ত্রণালয়কেই বিল প্রস্তুত করতে হবে। মাসদার হোসেন বনাম সরকার মামলার রায়ে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত ১২ দফা নির্দেশনা দেয়। ১৯৯৯ সালে মূল রায় দেওয়ার পর এমনিভাবে সুপ্রিম কোর্ট আট বছর ধরে রায় বাস্তবায়নের কার্যক্রম পর্যবেক্ষণ করে। সর্বশেষ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত বিধিমালা কার্যকর করা হয়।

গত ২০০৭ সালে ১ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ পৃথককরণের যাত্রা শুরু হয়।
৪১ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬০ জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে নিম্নআদালতের বিচার কার্যক্রম শুরু হয়। সর্বস্তরের আইনজীবীরা বিচার বিভাগ পৃথককরণের সকল কার্যক্রমকে স্বাগত জানালেও দুটি বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। এর মধ্যে একটি হলো নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণের বিষয়টি। নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা যে চারটি বিধিমালা তৈরি করা হয়েছিল তাতে বিচার কাজে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ, বদলি ও নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের অধীনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের হাতে রাখা হয়েছে।

বিধিমালা কার্যকর হওয়ার আগে এ নিয়ন্ত্রণ ছিল ক্ষেত্রবিশেষে সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে, যা নির্বাহী বিভাগের অধীনে দুটি মন্ত্রণালয়। বিচার বিভাগ পৃথককরণের ফলে অবস্থা এই দাঁড়িয়েছে যে এতদিন নির্বাহী বিভাগের দুটি মন্ত্রণালয় নিম্ন আদালতের প্রশাসন নিয়ন্ত্রণ করত, এখন আইন মন্ত্রণালয় করছে। অভিযোগ রয়েছে যে বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার সুযোগে এবং নিজস্ব সচিবালয় না থাকার কারণে বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে আইন মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করছে।

অনুসন্ধানে দেখা গেছে এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় তাদের প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট এই প্রস্তাব অনুমোদন না করলে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখে মন্ত্রণালয়। কিছুদিন পর দেখা গেছে আইন মন্ত্রণালয় কৌশলে তাদের নাকচ হয়ে যাওয়া প্রস্তাবটি অনুমোদন করে নেয়। কোনো কোনো সময় মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের মতবিরোধের ফলে দেশের বিভিন্ন জেলার শূন্য পদে বিচারক নিয়োগে বিলম্ব ঘটে। গত বছরের অক্টোবরে ৬৫ জন বিচারকের কর্মস্থল নির্ধারণ বিষয়ক প্রস্তাব নিয়ে জটিলতা দেখা দেয়। এসব বিচারকের মধ্যে ৪০ জনের বদলির প্রস্তাব দিয়েছিলো আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট ২১ জনের বদলির প্রস্তাব গ্রহণ করে এবং স্বপ্রণোদিত হয়ে ২১ জন বিচারককে অন্যত্র বদলির প্রস্তাব করে।

আইন মন্ত্রণালয় দীর্ঘদিন এই প্রস্তাব ফেলে রেখে দেয়। প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটির একটি বৈঠকের পর গত বছরের ২১ অক্টোবর ১২টি পৃথক আদেশ জারি করা হয়েছিলো। এই প্রস্তাবের অনেকগুলোই মান্য করেনি আইন মন্ত্রণালয়।সুপ্রিম কোর্টের জিএ কমিটি প্রায় অর্ধশত বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলো। কিন্তু এই নির্দেশনার অনেকগুলোই বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।

এই দ্বৈত শাসনের ফলে বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতি ইত্যাদির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে।সংবিধানের পরস্পরবিরোধী দুটি অনুচ্ছেদের কারণেও এই জটিলতা রয়েছে। সংবিধানের ১০৯ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের অধঃস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ থাকিবে।’ অন্যদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হইবে।’ ১৯৭২ সালের মূল সংবিধানে এই ক্ষমতা ছিলো সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু সংবিধান সংশোধন করে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেওয়া হয়। সরকারের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে আইন মন্ত্রণালয় এই কার্যক্রম সম্পাদন করে। আর এই অনুচ্ছেদের সুযোগে মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শ অনেক সময় উপেক্ষা করে। ফলে নানা কৌশলে নির্বাহী বিভাগ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ তাদের হাতেই রেখে দিয়েছে। এই পরিস্থিতিতে আইন বিশেষজ্ঞরা ১১৬ অনুচ্ছেদকে ১৯৭২ সালের মূল সংবিধানের অনুচ্ছেদে ফিরে যেতে বলেছেন।

এ প্রসঙ্গে বিচার বিভাগ পৃথককরণ দিবস উপলক্ষে প্রধান বিচারপতি এসকে সিনহা এক বাণীতে অনুরূপ সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ১১৬ অনুচ্ছেদের ফলে অধঃস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন