
নিউজ ডেস্ক : জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমির প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণকে সহজে সেবা দেয়ার জন্য নিজেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রস্তুত করা উচিত। মন্ত্রী গতকাল সোমবার অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন, রেলওয়ে) ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১০৮তম সার্ভে অ্যান্ড স্যাটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৪৫ দিনব্যাপি ভূমি-বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। ৩৬ জন বিসিএস ক্যাডারের কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। এর মধ্যে ৬ জন মহিলা কর্মকর্তা রয়েছেন।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ভূমি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ধৈর্য সহকারে ৪৫ দিন মাঠে থেকে হাতে-কলমে ভূমির মাপজোখ সম্বন্ধে শিক্ষা নিয়ে জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করুন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অধিদফতরের পরিচালক ফায়েকুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিউল আলম, কোর্স পরিচালক আনিসুজ্জামান প্রমুখ।