News71.com
 Bangladesh
 31 Oct 16, 10:56 PM
 301           
 0
 31 Oct 16, 10:56 PM

৯৯ পুলিশ পরিদর্শককে এএসপি করায় হাইকোর্টের রুল

৯৯ পুলিশ পরিদর্শককে এএসপি করায় হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক : ৯৯ জন পুলিশ পরিদর্শককে বিসিএস ক্যাডারের কর্মকর্তার পদে নিয়োগ কেন অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের তালিকা থেকে রিটকারী ইউসুফ সিদ্দিকীকে বাদ দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানাতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।রাঙামাটির জুরাছড়ি থানার ওসি মো. ইউসুফ সিদ্দিকী গত ২৫ আগস্ট হাইকোর্টে এই রিট দায়ের করেন। পুলিশের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) এর স্বাক্ষরে গত ১৬ জুলাই ৯৯ জন পরিদর্শককে ‘বিসিএস (পুলিশ) ক্যাডারে’ সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় রিটকারীর নাম না থাকায় তিনি হাইকোর্টে এ রিট করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

তিনি বলেন, একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে না আসলে কাউকে সরকারি আদেশে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন