
নিউজ ডেস্ক : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র উদ্ধারের মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ই নভেম্বর নির্ধারণ করেছেন আদালত । গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন ।
আদালত জামিন নামঞ্জুর করেছেন। জানা গেছে , নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলাটির অভিযোগপত্র গত ২৮শে জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মহিম উদ্দিন । অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়। ২৭শে জুন ভোলা এবং পরদিন মনির গ্রেফতার হয়েছিল। মনিরের জিম্মা থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল ।
প্রসঙ্গত, গত ৫ই জুন নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় ৩ ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন । হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করেছিল পুলিশ ।