
নিউজ ডেস্ক: লন্ডন যাচ্ছেন আওয়ামিলীগের জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । আজ শুক্রবার পারিবারিক কাজে সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর ১৫ দিনের ছুটিও অনুমোদন করেছেন ।
সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী ও একমাত্র কন্যা লন্ডনে থাকেন। সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ।
এ জন্য প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন জনপ্রশাসনমন্ত্রী। প্রধানমন্ত্রী ওই আবেদন মঞ্জুর করায় আগামীকাল লন্ডন যাচ্ছেন তিনি ।
২২ ও ২৩শে অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামিলীগের দুই দিনের সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন তিনি ।
পরে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে সৈয়দ আশরাফকে অন্তর্ভুক্ত করেন । আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসছে। সকালেই দেশত্যাগ করায় ওই বৈঠকে তিনি উপস্থিত থাকছেন না ।