
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা এবার ১০০-র মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়। পরে সংবাদ সম্মেলনে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
আওয়ামী লীগের গত কমিটিতে প্রায় এক হাজার নেতাকে সহসম্পাদক পদ দেওয়া হয়েছিল। বিপুলসংখ্যক সহসম্পাদক পদ নিয়ে সে সময় দলের মধ্যেই নানা সমালোচনা হয়। এমন পরিপ্রেক্ষিতে এবারে সহসম্পাদকের সংখ্যা ১০০-র মধ্যে রাখার পরামর্শ দেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। সে অনুযায়ী গতকাল দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় সহসম্পাদকের সংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরও বলেন, ‘দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা সর্বোচ্চ ১০০টি করার যে বিধান রয়েছে, আমরা তার বাইরে যাব না।’
আওয়ামী লীগের সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে সজীব ওয়াজেদ জয়কে দলের নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন তৃণমূল নেতারা। গতকালের সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। তাঁকে নিয়ে আমাদের কাছে-দূরে অনেক স্বপ্ন আছে। তবে তাঁকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না।’
জয় বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের বলেন, “২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিন দুপুরের পরে মঞ্চে জয়কে জোর করে তোলা হয়েছিল। মঞ্চেই উঠতে চাননি তিনি, কাউন্সিলর হিসেবেই সম্মেলনে থাকতে চেয়েছিলেন। আমরাই তাঁকে বক্তৃতা করতে বলেছি, জয় রাজি হননি। আমরা তাঁকে কেন্দ্রীয় কমিটিতে থাকতে বলেছিলাম। তিনি (জয়) বলেছেন, ‘আমি বিদেশে থেকে কিভাবে কমিটিতে থাকব?’ জয় আমাদের বোঝাতে চেয়েছেন, আমাকে আপনারা তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না। নেতৃত্বে আসার ব্যাপারে তাঁর (জয়) আগ্রহ, সম্মতির বিষয় আছে। নেতৃত্ব চাপিয়ে দেওয়া যায় না। তা ছাড়া শেখ হাসিনা আছেন, তিনিও বিষয়টি দেখবেন।”
ওবায়দুল কাদের বলেন, ‘জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান। তাঁকে ঘিরে আমাদের স্বপ্ন ও আশা আছে। তিনি আমাদের ফিউচার (ভবিষ্যৎ) লিডার।’আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচিও ঠিক করা হয়েছে। সে অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতার কলঙ্কজনক হত্যাকাণ্ডের স্মরণে আগামী ৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামানের কবরেও শ্রদ্ধা জানাবে স্থানীয় নেতাকর্মীরা। সেখানেও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হবে।