
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক সিজারে তাভেল্লা হত্যায় কারা জড়িত কিংবা নব্য জেএমবির আমির কে এমন প্রশ্নের উত্তর নিয়ে র্যা বের সঙ্গে পুলিশের মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। তাভেল্লা হত্যা মামলার তদন্ত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্ত শেষে তারা এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিটও (অভিযোগপত্র) দিয়েছে। এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশও দিয়েছেন আদালত।
এদিকে গত শুক্রবার র্যািবের সংবাদ সম্মেলনে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তাভেল্লা হত্যায় নব্য জেএমবির জঙ্গিরা জড়িত। সেখানে র্যাতবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ দাবি করেন, নব্য জেএমবির আমির বা প্রধানের নাম সারোয়ার জাহান। আশুলিয়ায় র্যােবের অভিযানের সময় একটি বাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিহত হওয়া আবদুর রহমানই আসলে সারোয়ার জাহান।
যদিও শুরু থেকেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, নারায়ণগঞ্জে অভিযানে নিহত কানাডার নাগরিক তামিম আহমেদ চৌধুরীই ছিলেন নব্য জেএমবির প্রধান সমন্বয়ক। নব্য জেএমবির প্রধান নিয়ে দুই তদন্ত সংস্থার তথ্যে বিভ্রান্তি দেখা দিলেও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সে সময় বিদেশ সফরে থাকায় তাৎক্ষণিক এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। দেশে ফিরে গতকাল বুধবার তিনি ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, তাভেল্লা হত্যায় যারা জড়িত, তাদের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে পুলিশ। আর সারোয়ার জাহান নব্য জেএমবির তৃতীয় সারির নেতা। এ ব্যাপারে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য আছে। বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় র্যা্ব মহাপরিচালকের সমালোচনাও করেন তিনি।
তাভেল্লা হত্যা মামলায় র্যালব ও পুলিশের ভিন্ন তথ্যের ব্যাপারে প্রশ্ন্ন করা হলে সিটি'র প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ফৌজদারি তদন্ত আসলে পরিচালিত হয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে। এখানে রচনা বা ক্রিয়েটিভ ওয়ার্ক করার কোনো সুযোগ নেই। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যা পাওয়া গেছে, পুলিশ তাই বলেছে। এখন আনুষ্ঠানিকভাবে বিচারকাজও শুরু হয়েছে।’
শুক্রবার র্যােবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নব্য জেএমবির বাংলাদেশ প্রধান সারোয়ার জাহান ওরফে আবদুর রহমান ওরফে শাইখ আবু ইব্রাহীম আল-হানিফের নির্দেশে সিজারে তাভেল্লাকে হত্যা করা হয়।আশুলিয়ায় তাঁর বাসা থেকে জব্দ করা নথি বিশ্লেষণ করে দেখা গেছে, তাভেল্লা হত্যা ছাড়াও নব্য জেএমবি আরো অন্তত ২২টি হামলা চালিয়েছে। তবে পুলিশ তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা কাইয়ুমের ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ২৭ জুন এ মামলায় আদালতে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘তাভেল্লা হত্যা মামলাটি বিচারাধীন। এ মামলা নিয়ে ওইভাবে মন্তব্য করার সুযোগ নেই। গোয়েন্দা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা পরীক্ষিত তদন্ত সংস্থা। প্রতি মাসেই তাদের দুই-একটা করে মামলা শেষ হচ্ছে। সাজা হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে।’
র্যা ব প্রধানের বক্তব্যের কারণে তাভেল্লা হত্যা মামলার আসামিরা বাড়তি কোনো সুবিধা পাবেন কি না জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘দেখুন, আমি ওনার (র্যা বের ডিজি) সাক্ষাৎকারটি শুনিনি। আমার ধারণা যে উনি এটি (তাভেল্লা হত্যায় নব্য জেএমবি জড়িত) বলেননি। কারণ কোনো দায়িত্বশীল ব্যক্তি একটি বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করতে পারেন না।’ বিএনপি নেতা এম এম কাইয়ুমের অবস্থান শনাক্ত হয়েছে কি না জানতে চাইলে মনিরুল বলেন, ‘দেশের বাইরে থাকায় ওনাকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ওয়ারেন্টও বের হয়েছে, তাঁকে দেশে এনে গ্রেপ্তার করা হবে।’
মনিরুল আরও বলেন, ‘সারোয়ার মূলত তামিমের ডেপুটিদের পরের ধাপের নেতা। তামিমই আসলে এই গ্রুপটির লিডার ছিলেন। ইমিডিয়েট পরের পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকত। আবদুর রহমান (সারোয়ার) যে পর্যায়ের ছিলেন তাতে তাঁর সঙ্গে তামিমের সরাসরি যোগাযোগ খুব কম ছিল। হয়তো কখনো কখনো মিটিংয়ে দেখা হয়েছে।’ র্যা ব দাবি করেছে, নারায়ণগঞ্জে তামিম চৌধুরীকে যখন ঘিরে ফেলা হয়, তখন তাঁর সঙ্গে মোবাইল ফোনে সারোয়ারের এসএমএস বিনিময় হয়েছিল। এ ব্যাপারে মনিরুল বলেন, ওই দিন সকাল সোয়া ৬টার দিকে সিটিটিসি ইউনিটের সদস্যরা তামিমকে ঘিরে ফেলেন। এরপরে তামিমের হাতে খুব কম সময় ছিল। ফলে তিনি কমিউনিকেশন করার খুব বেশি সুযোগ পাননি। যেটুকু যোগাযোগ করেছেন, তা তানভীর কাদেরী (আজিমপুর আস্তানায় নিহত) ও জাহিদের (রূপনগরের আস্তানায় নিহত) সঙ্গে হয়েছে। আমাদের কাছে এসবের কিছু ডকুমেন্টারি এভিডেন্স (প্রমাণ) রয়েছে।’