
নিউজ ডেস্কঃ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও এক ভর্তীচ্ছুকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কর্মচারী আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহকারী। ভর্তীচ্ছু মো. শাহীনের বাড়ি নওগাঁ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, আরিফুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতকাল বিকেল ৩টার দিকে তাকে বিভাগের অফিসে ডাকেন শিক্ষকরা। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার মুঠোফোনে জালিয়াতির চেষ্টা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এ সময় ভর্তীচ্ছু শাহিন ফোন করে জালিয়াতিতে সহযোগিতা চেয়ে কথা বললে শিক্ষকরা কৌশলে আরিফকে দিয়ে কথা বলিয়ে ওই ভর্তীচ্ছুকে বিভাগে আসতে বলেন। ভর্তীচ্ছু শাহীন বিভাগের সামনে আসলে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান অভিযুক্ত আরিফ ও শাহীনকে আটক করে নিয়ে যান।
তাদের জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, "আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের আমরা শনাক্ত করার চেষ্টা করছি।"