
নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছায় সোর্স দিয়ে ব্যবসায়ীর দোকানে ইয়াবা রেখে তাকে আটক করতে এসে পালিয়ে রক্ষা পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গতকাল দুপুরে চৌগাছা বাজারের মেইনরোডে অবস্থিত সুপার ইলেকট্রনিকস এন্ড ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। তবে ব্যবসায়ীদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সোর্সকে আটক করে তার নামে মামলা করেছেন ওই দারোগা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে চৌগাছা থানার এএসআই সিরাজুল ইসলাম চৌগাছা বাজারের মেইনরোডে অবস্থিত সুপার ইলেকট্রনিকস এন্ড ভ্যারাইটিজ স্টোরে সোর্স দিয়ে তিন পিচ ইয়াবা রেখে আসেন। সোর্স ইয়াবা রেখে দোকান থেকে বের হওয়ার পর এএসআই সিরাজুল ইসলাম দোকান মালিক রাবন কুমারকে ইয়াবা রাখার অপরাধে আটক করার চেষ্টা করেন। হৈচৈ শুনে পাশের দোকান মালিকরা এগিয়ে আসেন। এ সময় রাবন কুমার বলেন, ‘আমি মাদকের কারবার করি না। নিশ্চয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’
তখন ব্যবসায়ীদের পরামর্শে দোকানে রক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ দেখার কথা বলা হয়। ফুটেজ দেখার কথা বলার সঙ্গে সঙ্গে এএসআই সিরাজুল ও সোর্স দোকান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীরা সিরাজকে কিল-ঘুষি মারতে শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে শত শত ব্যবসায়ী এএসআই সিরাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে চৌগাছা থানার ওসি (তদন্ত) মারুফ আক্তার দোষী এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ ব্যাপারে এএসআই সিরাজুল বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওই দোকানে তিন পিচ ইয়াবা পাওয়া যায়। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়- চৌগাছার জিওলগাড়ি গ্রামের ফিরোজ শেখের ছেলে মেহেদী হাসান আকাশ ওই দোকানে ইয়াবা ফেলেছে। পরে তার নামে মামলা করা হয়েছে। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।