
নিউজ ডেস্কঃ শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির দুই হাজার ৮০৫ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ট্রাকে করে ৩৩ বস্তায় ভরে নেওয়ার সময় উপজেলার স্থানীয় বালুঘাটা এলাকা থেকে পুলিশ এসব চাল জব্দ করে। এ সময় ট্রাকচালক ওয়াহাব আলীকে আটক করা হয়। এ ঘটনায় আটক ট্রাকচালক ছাড়া আরো চারজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি মো. ফসিহুর রহমান জানান, ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পরিমাপ করে দুই হাজার ৮০৫ কেজি চাল পাওয়া যায়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাকচালক ওয়াহাব আলীকে আটক করা হয়েছে। সে ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত আরো চারজনকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।