
নিউজ ডেস্কঃ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাপ্ত আবেদনকারীদেরকে স্বল্প সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. আব্দুল মতিন ও সৈয়দা সায়রা মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের অবস্থা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন ভাতাভোগী নির্বাচনে তালিকা প্রণয়ন কমিটি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুনর্বাসন এর কাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রণালয়ের অধীনে শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। ‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ নামক কার্যক্রমে বর্তমান ২০১৬-২০১৭ অর্থবছরে ২০ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
কমিটি সুবিধাভোগীদের অন-লাইনে ভাতা প্রদান কার্যক্রম গতানুগতিক ব্যাংকিং প্রথা থেকে আধুনিক ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রদান এবং সব ধরনের ভাতা কিভাবে একটি অটো সিস্টেমের (কার্ড) মাধ্যমে ভাতাভোগীকে প্রদানের সুপারিশ করা হয়।