
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি বেকারিতে চাঁদা চাইতে গিয়ে গলধোলাইয়ের শিকার হয়েছেন তিন ভুয়া সাংবাদিক। জনতা গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। ভুয়া সাংবাদিকরা হলেন, রবিউল ইসলাম (২৩), মো. আবু হাসান (মামুন) ও মাহফুজুর রহমান (১৯)। তারা তিনজন সহোদর বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, একটি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সরাইপাড়ার ঢাকা বেকারিতে গিয়ে তারা তিনভাই বিভিন্ন পণ্যসামগ্রীর ছবি তোলেন। সাংবাদিক পরিচয় দিয়ে তারা বেকারিতে অবৈধ জিনিস রয়েছে জানিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ছাপানোর হুমকি দেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশের টহল দল তাদের থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।