
নিউজ ডেস্কঃ বাগেরহাটের কচুয়া উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার কাকারবিল গ্রামের আকাশ মোল্লা (২৫) ও পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (২০), কবিরুল ওরফে করিম (২২), মিজানুর রহমান (২৩)।
আজ উপজেলার মঘিযা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রিভলবার, চারটি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স ও সংগঠনটির জিহাদি বই জব্দ করা হয়।
পুলিশ জানায়, জেএমবির কয়েকজন সদস্য মঘিয়া এলাকায় একটি বাড়িতে নাশকতার পরিকল্পনা করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জেএমবি সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।