
নিউজ ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি বাজার থেকে দেশীয় অস্ত্রসহ আনারুল ইসলাম (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। আটক ছিনতাইকারী আনারুল ইসলাম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার উপজেলার নামুড়ি সুকানদিঘী মোড়ে রুবেল নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এসময় অস্ত্রি দেখিয়ে সবাই পালিয়ে গেলেও ছিনতাইকারী আনারুলকে থ্রি হুইলারসহ আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আহত রুবেল মিয়াকে উদ্ধার করে পুলিশ আদিতমারী হাসপাতালে ভর্তি করেছে। পরে পুলিশ ওই থ্রি হুইলার গাড়ি থেকে রাম দা, ছুরিসহ মোট চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
মামলার বাদী রুবেল মিয়া জানান, দেড় লাখ টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার জন্যই ওই চক্রটি তিনবার তাদের আটক করেছিল। আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় দুইটি মামলা হয়েছে।