
নিউজ ডেস্কঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টা পর্যন্ত একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে এবং আজ সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে।