
নিউজ ডেস্কঃ মিয়ানমারের সীমান্ত ছাউনিতে হামলার জের ধরে বাংলাদেশে আটকাপড়া ৯৩ মিয়ানমার নাগরিককে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন) জেটি দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। জানাগেছে বিভিন্ন সময়ে সীমান্ত বানিজ্যের আওতায় তিনদিনের বর্ডার পাস নিয়ে মিয়ানমার থেকে টেকনাফ বন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসে। সে দেশের মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিনটি সীমান্ত ছাউনিতে স্বশস্ত্র হামলায় অস্ত্র-গুলি লুটের পর টেকনাফ-মিয়ানমার যাত্রী পারাপার হঠাৎ বন্ধ করে দেন মিয়ানমার কর্তৃপক্ষ।
দেশটির সরকারের হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে বিভিন্ন সময়ে বর্ডার পাশ নিয়ে বাংলাদেশে আসা মিয়ানমারের প্রায় তিন শতাধিক নাগরিক আটকা পড়েছিল। এর মধ্যে সোমবার সকাল ১০ টার দিকে মিয়ানমারের ৯৩ নাগরিক দুইটি ট্রলারে করে রওনা করেন। এর আগে বিভিন্ন সময়ে আটকাপড়া দুই শতাধিক মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এর আগে রবিবার দুইটি ট্রলারে করে ৮১ মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হলে সন্ধা হয়ে যাওয়ায় নাফনদী থেকে টেকনাফে ফেরত আসেন।
টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডাটা অ্যান্ট্রি অপারেটর মো. আনোয়ার হোসেন বলেন, ‘টেকনাফে আটকাপড়া মিয়ানমারের ৯৩ নাগরিককে দুইটি ট্রলারে করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।’
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু জার আল জাহিদ বলেন, ‘টেকনাফে আটকাপড়া মিয়ানমারের নাগরিকদের স্বদেশে পাঠানোর জন্য সে দেশের (বিজিপি) পুলিশ বাহিনীরদের সঙ্গে যোগাযোগ করে মিয়ানমার থেকে খালি দুইটি ট্রলার আনা হয়েছে। ওই ট্রলারে টেকনাফে আটকাপড়া ৯৩ মিয়ানমার নাগরিককে সকালে স্থলবন্দরের অভিবাসন জেটি দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।’