
নিউজ ডেস্কঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের তৃতীয় তলা থেকে পড়ে মো. মাহাবুব আলম (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব আলম দিনাজপুর শহরের নিমতলা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। হাসপাতালের ওয়ার্ডবয় মো. মাসুদ জানান, গত ১৫ অক্টোবর আলসার রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মো. মাহাবুব আলম। হাসপাতালের তৃতীয় তলার শৈল্য বিভাগের ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার ভোররাতে তিনি বারান্দায় আসেন। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে থাকার এক পর্যায়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়ে মারা যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. মো. আমীর আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মো. মাহাবুব আলম মাদকাসক্ত ছিলেন। এ ব্যাপারে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। কোতোয়ালি থানার এসআই মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. মাহাবুব আলম অসুস্থ হয়ে গত ১৫ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনার রাতে তার স্ত্রী পাশেই ঘুমিয়ে ছিলেন। ভোরে তিনি বারান্দায় এসে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে নিজের নিয়ন্ত্রয়ণ হারিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান।