
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী (৬০) নামে এজকন নিহত হয়েছেন।
আজ বিকেল ৩টার দিকে উপজেলার দেলবোলতলা লালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।রুস্তম শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর হাউসনগর গ্রামের মনু মোড়লের ছেলে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- একই উপজেলার মহিপুর গ্রামের বাবু মানিকের ছেলে গোলাম মোস্তফা (৪০), চৈতন্যপুর কল্যাণগাও গ্রামের তাইফুরের ছেলে মানিক (৪৫), একই গ্রামের গোলাপের ছেলে সাহেব (৩২), চৈতন্যপুর বামুনগাঁও গ্রামের রজু মোড়লের ছেলে ফানুস (৭০), চৈতন্যপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে বাদশা (৪৫) ও মহারাজপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আবু বাক্কার ((৩৫)।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার বিকেল ৩টার দিকে রুস্তুম আলীসহ অন্যরা ভটভটি যোগে তর্তিপুর গরুর হাটে যাচ্ছিলেন। পথে দেলবোলতলা লালাপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুস্তুম আলী নিহত ও ছয়জন আহত হন ।