
নিউজ ডেস্কঃ ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’—এই স্লোগান সামনে রেখে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, শোক প্রস্তাব, আগত অতিথিদের স্বাগত জানিয়ে অভ্যর্থনা উপ-কমিটিগুলোর আহ্বায়কদের ভাষণ, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ, অতিথিদের ভাষণ এবং সর্বশেষে সভানেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা। এই সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে নবরূপে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে ঢাকা। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের ধারাকে সমুন্নত রেখে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট অংশ নেবেন। এ ছাড়া দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে সম্মেলনে।
অহরাহ্নে সাংগঠনিক রিপোর্ট পেশ
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের খাবারের পর অহরাহ্নে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ প্রত্যেক জেলা শাখার সাধারণ সম্পাদকরা সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল রবিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে শুধু কাউন্সিলররা উপস্থিত থাকবেন। প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। এরপর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের সংযোজন-বিয়োজন হবে। দলের তৃণমূলের পরিস্থিতি নিয়ে কথা বলবেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এরপর বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে। সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মসিউর রহমান এবং সাবেক সচিব রাশিদুল আলমের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করবেন। একাধিক প্রার্থী না থাকলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচন করা হবে। এরপর কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী পরে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে কোনো পদে একাধিক প্রার্থী থাকলে ভোট হবে এবং ভোটের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারও সংগ্রহ করা হয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী একাধিক নেতা জানান, সাধারণত কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর অর্পণ করেন। এ ক্ষেত্রে সাধারণত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং কাউন্সিলররা তা একবাক্যে সমর্থন করেন। সভাপতির ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন কাউন্সিলররা। এবারও একই পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন। তবে আওয়ামী লীগের সম্মেলনে এবার মূল আলোচনায় রয়েছে কে হচ্ছেন দলের সাধারণ সম্পাদক? সৈয়দ আশরাফুল ইসলামই থাকছেন, নাকি নতুন কেউ আসছেন এ নিয়ে দলের ভিতরে কৌতূহলের অন্ত নেই।
শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আরো তিন সদস্য কাউন্সিলর
এবারই প্রথম শেখ হাসিনা ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আরো তিন সদস্য আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দিচ্ছেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে কাউন্সিলর নির্বাচন করেছে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় কাউন্সিলর হয়েছেন রংপুর থেকে। প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেনকে কাউন্সিলর নির্বাচন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
এদিকে সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক বর্ণিল সাজে সেজেছে। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা গেছে, সম্মেলন স্থলে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জার ব্যবস্থাসহ নানা রঙের ব্যানার ফেস্টুন ও পোস্টারসহ অপরূপ সাজে সাজানো হয়েছে উদ্যানটি। নজরকাড়া সাজসজ্জা আর ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন নৌকা আকৃতির বিরাট মঞ্চ। সাজানো হয়েছে চারপাশ তথা পুরো সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা। আলোকসজ্জার পাশাপাশি গাছগুলোতে করা হয়েছে সাদা-লাল রং। মঞ্চে যাওয়ার রাস্তাগুলোয় আলোকসজ্জার পাশাপাশি সম্মেলনের পোস্টার-ব্যানার দিয়ে আচ্ছাদিত করা হয়েছে।